এক ম্যাচ না খেলেও ফিফা র্যাঙ্ককিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ড। আর এক বছর ধরে শীর্ষে থাকা স্পেন নেমে গেল দুইয়ে।
তবে বাংলাদেশের ফুটবলের জন্য সুখবরই বটে। ৮ ধাপ এগিয়ে নতুন র্যাঙ্ককিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৩৯।
১৯৯৩ সালের পর এই প্রথম র্যাঙ্ককিংয়ের শীর্ষ স্থানে গেল ডাচরা। সে জন্য অবশ্য আক্ষেপই করতে পারে স্প্যানিশরা। কারণ বুধবার ঘোষিত সর্বশেষ র্যাঙ্ককিংয়ে দেখা গেছে হল্যান্ড কোনো ম্যাচ না খেলেই শীর্ষে উঠেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতিম্যাচে খেলার কথা থাকলেও সম্প্রতি লন্ডনে দাঙ্গার কারণে সেটা বাতিল হয়ে যায়।
তবে র্যাঙ্ককিংয়ে অবনমন হয়েছে লাতিন আমেরিকার দল এবং পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। জার্মানির কাছে প্রীতিম্যাচে হারের কারণে চতুর্থ স্থান থেকে নেমে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। আর জার্মানির অবস্থান তিনে। তবে র্যাঙ্ককিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনার। এক ধাপ ওপরে ওঠা আর্জেন্টিনা নবম স্থানে। আর উরুগুয়ে যথারীতি পাঁচেই রয়েছে।
প্রাক-বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ার সেরা ২০টি দলে স্থান করতে না পারলেও পাকিস্তান এবং লেবাননের সঙ্গে জয়েই র্যাঙ্ককিংয়ে বাংলাদেশের উন্নতিতে অনেকটা পার্থক্য সৃষ্টি করেছে। গত মাসে অনুষ্ঠিত সর্বশেষ র্যাঙ্ককিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। এবার সেটা টপকিয়ে ১৩৯তম অবস্থানে লাল সবুজের দলটি। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত ৪ ধাপ নিচে নেমে চলে গেছে ১৫৮ তে। লেবানন ১৬০, পাকিস্তান ১৭০ এবং শ্রীলংকার অবস্থান ১৭৪তম।