তিরিশে পা দিয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। তার মানে কি বুড়ো হয়ে যাচ্ছেন? এমন প্রশ্ন অবশ্য কেউ করেননি। তবে নিজে থেকে এক সংবাদ সম্মেলনে বললেন, নাদাল ও জোকোভিচের সঙ্গে খেলার মতো শক্তি ও তেজ নিজের মধ্যে অনুভব করেন তিনি। টেনিসে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখনও যে কোনো ক্ষেত্রে তিনি এই দুই সেরার সঙ্গে খেলতে মুখিয়ে থাকেন।
রজার ফেদেরার ১৬ বার পুরুষদের একক শিরোপাজয়ী। ফেদেরার বলেন, ‘আমি ওদের দু’জনের সঙ্গে খেলা ম্যাচগুলো দারুণ উপভোগ করি। বিশেষ করে রাফায়েলকে বেশি পছন্দ করি।’
জোকোভিচ আর নাদাল গত ছয়টি গ্রান্ডস্লাম জিতে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তাকে পেছনে ফেলে গেছেন। ফেদেরার তা জানেন। তবে সে জন্য তার মধ্যে কোনো খেদ নেই। বলেছেন, ‘এতে তেমন কিছু করার নেই। তারা যা পেরেছে, আমি তা পারিনি। সুতরাং তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে এটা ঠিক, আমি শীর্ষবাছাই হিসেবে থাকতে চাই। তিন নম্বর থাকতে চাই না। অবশ্য তিন নম্বরও ভালো র্যাঙ্কিং। তবে আমি তা চাই না।’
ফেদেরার গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। আবার ফ্রেঞ্চ ওপেনে নাদালের কাছে হেরে যান। অবশ্য সেমিফাইনালে জোকোভিচকে হারান। ওই হারের মাধ্যমে সাইবেরিয়ান প্রতিপক্ষের টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ন হয়। কিন্তু চলতি বছরের উইম্বলডনে ফ্রান্সের সোঙ্গার কাছে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান। ফেদেরার বলেন, ‘আমার মনে হয়, উইম্বলডনটা আমার জন্য একটু অপয়া। কিন্তু এখন মনে হচ্ছে একটু নয়, ভালোই।’ তবে আমি চেষ্টা ছাড়ছি না। আমি এখনও প্রচুর খেলা খেলতে পারব। আর বয়স টয়স নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি মনে করি, আমি খেলতে পারব। ব্যস, এটাই হলো চূড়ান্ত কথা।’