ইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রাম ও দুর্গম অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উন্নতির জন্য ৩৬ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়কমন্ত্রী জেরেমি হান্ট গত সোমবার এ বরাদ্দের কথা ঘোষণা করেন। যুক্তরাজ্য সরকার ২০১৫ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ চালু করার যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে এই অর্থ বরাদ্দ দেওয়া। বরাদ্দ করা অর্থের মধ্যে ইংল্যান্ডের কাউন্টিগুলো পাবে ২৯ কোটি ৪০ লাখ পাউন্ড। স্কটল্যান্ড পাবে ৬ কোটি ৮০ লাখ পাউন্ড।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন অবশ্য এ খাতে ৫৩ কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। সংস্কৃতিমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ‘আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এবং জনগণকে সেবা দেওয়ার জন্য দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক যে, এ ক্ষেত্রে আমরা অনেক দেশের চেয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের দেশের অনেক জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেই। আমরা এটা মানতে পারি না। তাই আমরা এ খাতে অর্থ বরাদ্দ করেছি।’ তিনি আরও বলেন, এই অর্থ বিভিন্ন কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ তারাই নেবে।